খাদ্যপণ্যের মান নিয়ে আপস, পণ্যের প্যাকেটে অসংগতি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি-ভোক্তার স্বার্থ ক্ষুণ্ন হওয়ার এমন নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম।
বুধবার (১৪ অক্টোবর) পাহাড়তলী বাজারে পরিচালিত বাজার তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নামবিহীন প্যাকেটে নকল চাল বাজারজাত এবং মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে এ বি এম ফুডকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রির প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
অন্যদিকে, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে হাজী শফিউল বশর অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেঘনা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে নামবিহীন প্যাকেটে নকল চাল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাবার ও নকল চাল বিক্রির কোনো সুযোগ নেই। একই সঙ্গে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




