চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে মাটিতে আছড়ে হত্যার দায়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক ইতালিপ্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সকালে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার ও উচ্চারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন স্থানীয় বাশারুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ওই এলাকার আবু তাহেরের ছেলে।
মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে আলী হোসেনকে তুলে মাটিতে আছড়ে মারার অভিযোগ ওঠে মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। তার মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
পুলিশ জানায়, আলী হোসেনের বাবা আবু তাহেরের সঙ্গে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জেরেই শিশুটির ওপর হামলার অভিযোগ ওঠে।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত মো. জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।




