ভোক্তাপর্যায়ে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে নতুন মূল্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, আজ রাত ৮টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দাম বহাল থাকবে।
এর আগে, গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।
তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবিত দামের চেয়েও ৮৪ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য।




