চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই গাড়ির চাপায় প্রায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার আধুনগর মোস্তাক আহমদ চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চট্টগ্রামগামী একটি বাসের ধাক্কায় ওই নারী আহত হন। এর কিছুক্ষণ পর আরেকটি গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে।




