বাড়ির উঠানে মৃত্যুফাঁদ, সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল চার বছরের শিশুর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ির অরক্ষিত সেপটিক ট্যাংক যেন মৃত্যুফাঁদ হয়ে উঠল চার বছরের শিশু মো. সাঈদের জন্য। দীর্ঘ ছয় মাস ধরে ট্যাংকটির ঢাকনা খোলা ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

- Advertisement -

একাধিকবার সতর্ক করার পরও সেটি ঢেকে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সেই খোলা ট্যাংকেই পড়ে প্রাণ হারাল শিশুটি।

- Advertisement -
google news follower

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের গোলাপ চৌধুরীর বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাঈদ ওই এলাকার বাসিন্দা আখতার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

- Advertisement -
islamibank

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার পর শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসেন তার চাচা। রশি বেঁধে ট্যাংকের পানিতে নেমে তিনি সাঈদকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার পর সামনে এসেছে সেপটিক ট্যাংকটির দীর্ঘদিন অরক্ষিত থাকার অভিযোগ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ছয় মাস ধরে ট্যাংকটির ঢাকনা খোলা ছিল। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানিয়ে সতর্কও করা হয়েছিল। কিন্তু এরপরও ট্যাংকটি ঢেকে দেওয়া কিংবা নিরাপদ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়দের ভাষ্য, সময়মতো প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

বাড়িটির মালিক স্থানীয় একটি মাদরাসার সুপার মাওলানা শামসুল ইসলাম। তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

চার বছরের শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকা সেপটিক ট্যাংকটির বিষয়ে বারবার সতর্ক করার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি?

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ