চট্টগ্রাম নগরের বাকলিয়ার তক্তারপুল এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর সুবাহান ওরফে সোবান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শওকত গ্রুপের বিরুদ্ধে।
এ ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি।
গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে তক্তারপুল এলাকায় সোবানের বাড়ির সামনের গলির মুখে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সোবানের ওপর হামলা চালায়। তাঁকে উপর্যুপরি কোপানো হলে গুরুতর আহত হন তিনি।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা-পুলিশ।
পরে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ আরও জানায়, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




