প্যাকিং ও র্যাপিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের একটি পূর্ণাঙ্গ প্লান্ট। ছয় প্যাকেজের সেই চালান খুলে কায়িক পরীক্ষায় পাওয়া গেছে সাতটি অত্যাধুনিক যন্ত্র।
আমদানি নথিতে এসব যন্ত্রের মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। অথচ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) প্রাথমিক তুলনামূলক মূল্যায়নে এর দাম দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার।
ঘোষিত ও তুলনামূলক মূল্যের এই বিপুল ব্যবধানের পেছনে অর্থ পাচারের আশঙ্কা করছেন শুল্ক গোয়েন্দারা।
বুধবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম বন্দরে চালানটির কায়িক পরীক্ষা শেষে যন্ত্রপাতিগুলো জব্দ করে সিআইআইডি।
প্রাথমিকভাবে দেখা গেছে, প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা হলেও চালানটিতে রয়েছে সিগারেট তৈরি থেকে শুরু করে প্যাকেটজাতকরণ পর্যন্ত প্রয়োজনীয় সাতটি মূল যন্ত্র।
ফলে বিষয়টি শুধু পণ্যের ভুল ঘোষণা বা শুল্ক ফাঁকির আশঙ্কাতেই সীমাবদ্ধ থাকছে না, এর সঙ্গে অর্থ পাচার এবং অবৈধভাবে সিগারেট উৎপাদনের সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
সিআইআইডির তথ্যমতে, রাজধানীর মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘জেআর বিজনেস ওয়ার্ল্ড’ সংযুক্ত আরব আমিরাতের ‘আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে চালানটি আমদানি করে।
গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোর বিবরণ দেওয়া হয় ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে। ছয়টি প্যাকেজে আসা চালানটির জন্য ব্যবহার করা হয় প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড।
কিন্তু ঘোষণার সঙ্গে বাস্তব পণ্যের মিল পাননি কাস্টমস গোয়েন্দারা। কায়িক পরীক্ষায় প্যাকিং সরঞ্জামের পরিবর্তে পাওয়া যায় সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের পূর্ণাঙ্গ ব্যবস্থার সাতটি গুরুত্বপূর্ণ যন্ত্র।
এগুলো হলো-এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সেলোফেন ওভারর্যাপার।
চালানটির মূল্য নিয়েও তৈরি হয়েছে বড় প্রশ্ন। আমদানি নথিতে ইনভয়েস মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ ডলার। অন্যদিকে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। দুই মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার।
সিআইআইডি জানিয়েছে, মেশিনগুলোর মডেল, উৎপাদনের সাল, বয়স, বর্তমান অবস্থা এবং বাজারে তুলনাযোগ্য আমদানি মূল্যের তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হবে।
সাড়ে পাঁচ টন ওজনের এই চালানটি খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড’।
সিআইআইডির তদন্তে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে-সিগারেট উৎপাদনের মতো সংবেদনশীল শিল্পের যন্ত্রপাতি আমদানির পেছনে কারা রয়েছেন এবং সেগুলোর চূড়ান্ত ব্যবহার কোথায় হবে।
সিআইআইডির ভাষ্য, দেশে সিগারেট উৎপাদনে যুক্ত প্রায় ২৯টি প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমেই এ ধরনের যন্ত্রপাতি আমদানি হওয়া সমীচীন।
এ কারণে ‘জেআর বিজনেস ওয়ার্ল্ড’-এর আমদানিকারক পরিচয়ের পাশাপাশি প্রকৃত ক্রেতা, চূড়ান্ত ব্যবহারকারী এবং সিগারেট উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হবে।
গোয়েন্দাদের আশঙ্কা, বৈধ সংশ্লিষ্টতা ছাড়া এ ধরনের যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে পরিচিত ব্র্যান্ডের সিগারেট নকল করে বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে।
এতে একদিকে ভোক্তারা প্রতারণার শিকার হবেন, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবেন বৈধ উৎপাদনকারীরা। পাশাপাশি অবৈধ উৎপাদন ও বিপণনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হতে পারে।




