চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা একটি হায়েস গাড়ির ধাক্কায় আবির হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন চালক।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির হোসেন মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাপ্পি রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিল আবির। খাওয়া শেষে বাড়ি ফেরার জন্য সড়কে এলে নাজিরহাটগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা হায়েস গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে যান চালক।
পরে স্থানীয় লোকজন ছুটে এসে আবিরকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আবিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শামসুজ্জামানও।




