গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই দিনে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে বাড়িটির মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি তারা।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে তাঁদের ছাড়িয়ে আনতে যান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ সময় তাঁরা পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন ধরিয়ে দেন। পরে লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেন এবং পুলিশের অস্ত্র লুট করেন। পুলিশ তাঁদের মোকাবিলা করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। কিন্তু এসব করেও পুলিশ তাঁদের সঙ্গে পেরে না উঠে থানা ছেড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁরা টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও জানা গেছে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়া যাওয়ার পথে নিলফা বাজার নামক স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের সড়কে গাছের গুঁড়ি ফেলে দেওয়া ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় আনসার ব্যাটালিয়নের গাড়িসহ ছয়টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যেতে পারেননি।
অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জেএন/এমআর




