কেউ পেলেন পিলার, কেউ পেলেন শুধু আশ্বাস

চন্দনাইশে সরকারি বরাদ্দের ল্যাট্রিনে কার ভাগে কী?

৯টির হিসাব কোথায়? প্রকৌশলী ও ঠিকাদারের ভূমিকা তদন্তের দাবি

অনলাইন ডেস্ক

হতদরিদ্র পরিবারের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সরকারের বরাদ্দ করা স্যানিটারি ল্যাট্রিন। প্রতিটির নির্ধারিত মূল্য ৩৫ হাজার টাকা।

- Advertisement -

অথচ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বরাদ্দ করা ২০টি ল্যাট্রিনের মধ্যে বিতরণ হয়েছে মাত্র ১১টি-এমন অভিযোগ উঠেছে।

- Advertisement -
google news follower

বাকি ৯টির হদিস নেই বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। বিতরণ করা ল্যাট্রিনের ক্ষেত্রেও কোথাও শুধু রিং, কোথাও পিলার, কোথাও টিন দিয়ে দায় সারা হয়েছে বলে অভিযোগ। কেউ আবার কোনো সরঞ্জামই পাননি।

ল্যাট্রিন বিতরণ না করার অভিযোগ ছাড়াও সুবিধাভোগীদের তালিকা তৈরি, বরাদ্দের সরঞ্জাম সরবরাহ, স্থাপন এবং অর্থের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

- Advertisement -
islamibank

কারও অভিযোগ, রিং-স্ল্যাব সুবিধাভোগীদের না দিয়ে বিক্রি করা হয়েছে। কারও দাবি, ল্যাট্রিন স্থাপনের জন্য টাকা চাওয়া হয়েছে।

এমনকি একজন সুবিধাভোগীর কাছ থেকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নেওয়া হলেও তাঁকে ল্যাট্রিন দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা চন্দনাইশ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিন এবং ঠিকাদার আব্দুল্লাহ আল ফাহিম। তাঁদের ভূমিকা, সুবিধাভোগীদের তালিকা ও প্রকল্পের বাস্তব অগ্রগতি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জানিয়েছেন, প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি যাচাই করতে হবে।

বিশেষ সূত্রে জানা গেছে, সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প’-এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

প্রকল্পের অধীনে চন্দনাইশ উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫০টি করে স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতিটি ল্যাট্রিনের নির্ধারিত মূল্য ছিল ৩৫ হাজার টাকা।

হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলহাজ মো. গোলাম নবী চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে গত ২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগে প্রকল্পের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিন ও ঠিকাদার আব্দুল্লাহ আল ফাহিমের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে জমা দেওয়া সুবিধাভোগীদের তালিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, হাশিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ২০টি স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দ ছিল। এর মধ্যে বিতরণ করা হয়েছে মাত্র ১১টি। বাকি ৯টি প্রকৃত হতদরিদ্র পরিবারের কাছে পৌঁছায়নি বলে অভিযোগকারীদের দাবি। বিতরণ করা ১১টির সরঞ্জামও নিম্নমানের এবং অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ বলে অভিযোগ রয়েছে।

কেউ পেলেন রিং, কেউ পিলার, কেউ কিছুই না
প্রকল্পের অনিয়মের অভিযোগের পাশাপাশি সুবিধাভোগীদের বক্তব্যে উঠে এসেছে সরঞ্জাম বিতরণ ও স্থাপনের নানা অসংগতি।

খুনিয়া পাড়ার নুরুল আলম বলেন, তাঁকে ১০টি রিং, ৫টি টিন ও ৪টি পিলার দেওয়া হয়েছে। কিন্তু ল্যাট্রিন স্থাপন করে দেওয়া হয়নি। পরে টিনগুলো ঘরের কাজে ব্যবহার করেছেন। রিংগুলো মাটিতে পুঁতে রেখেছেন এবং পিলারগুলো পুকুরপাড়ে ফেলে রেখেছেন।

নুরুল আলমের অভিযোগ, ল্যাট্রিন স্থাপনের জন্য তাঁর কাছে ৬০০ টাকা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় কাজ করে দেওয়া হয়নি। পরে বারবার খোঁজাখুঁজি করে নিজেই সরঞ্জাম নিয়ে আসেন। তাঁর দাবি, প্রতিটি ওয়ার্ডেই মাত্র কয়েকজনের ল্যাট্রিন স্থাপন করে দেওয়া হয়েছে।

কুনিয়া পাড়ার জুনু মিয়াও পেয়েছেন অসম্পূর্ণ সুবিধা। তাঁর বাড়িতে চারটি পিলার স্থাপন করে দেওয়া হলেও ১০টি রিং তৈরি করে বাইরে ফেলে রেখে চলে যান সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেগুলো আর স্থাপন করা হয়নি বলে অভিযোগ তাঁর।

একই এলাকার আবদুর ছফুরের অভিযোগ আরও গুরুতর। তিনি বলেন, তাঁকে কোনো সরঞ্জামই দেওয়া হয়নি। ল্যাট্রিন দেওয়া হবে বলে চার-পাঁচ দিন অপেক্ষায় রাখা হয়েছিল। এ সময় কাজ করতে না পারায় খাবার জোগাড়ের জন্য তাঁকে ঋণ করতে হয়েছে। ঠিকাদারের বাড়িতে সরঞ্জাম তৈরি হচ্ছে বলে আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কিছুই পাননি।

তাঁর দাবি, কাজের মেয়াদ শেষ হয়ে বিল পরিশোধের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সরকারি বরাদ্দের সামগ্রী চাইতে গিয়ে বিরোধে জড়াতে চাননি বলেও জানান তিনি।

উত্তর হাশিমপুরের সাজিয়া বেগম বলেন, তিনি কোনো ল্যাট্রিন পাননি। চাঁদ পাড়ার মীর কাশেমও একই অভিযোগ করেন।

উত্তর হাশিমপুরের কাজী মোহাম্মদ সাইফুলের অভিযোগ, তাঁর কাছ থেকে ওটিপি কোড নেওয়া হয়েছে, অথচ ল্যাট্রিন দেওয়া হয়নি। এ বিষয়ে ফোন করলেও সংশ্লিষ্ট ব্যক্তি ফোন রিসিভ করেন না।

মহেন্দ্র বাড়ির ভুট্টা দে বলেন, তাঁকে কোনো ল্যাট্রিন দেওয়া হয়নি। এ বিষয়ে কোনো কাজও করা হয়নি। বারিপাড়ার জোসনা দে-ও ল্যাট্রিন না পাওয়ার কথা জানিয়েছেন।

অভিযোগের সঙ্গে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের নাম, ঠিকানা ও স্বাক্ষরসংবলিত তালিকা সংযুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন-নূরুল আলম, মোহাম্মদ ইসলাম মিয়া, মোহাম্মদ আমীর হোসেন, ইউসুফ মিয়া, আব্দুল গফুর, জুনু মিয়া, আবদুছ ছবুর, মো. আবুল হোসেন, মোছনা খাতুন, আবুল কালাম, সাজিয়া বেগম, মীর কাশেম, মো. বোরহান উদ্দিন, ছকিনা বেগম, কৃষ্ণ ধর, কাজী মোহাম্মদ সাইফুল, ভুট্টা দে, মো. জসীম উদ্দিন, জোসনা দে ও ছায়েরা বেগম।

অভিযোগকারীদের দাবি, তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকে ল্যাট্রিন পাননি। আবার কাউকে দেওয়া হয়েছে আংশিক সরঞ্জাম। তাঁদের অভিযোগ, বরাদ্দ করা রিং-স্ল্যাব সুবিধাভোগীদের না দিয়ে বিক্রি করে দেওয়া কিংবা নামমাত্র কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে। ইউনিয়নের অন্য ওয়ার্ডগুলোতেও একই ধরনের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার আব্দুল্লাহ আল ফাহিম বলেন, কাজটি প্রায় তিন বছর আগের, ২০২৩-২৪ অর্থবছরের ওয়ার্ক অর্ডারের আওতাভুক্ত ছিল। ঢাকা থেকে আসা অডিট দল সরেজমিনে প্রতিটি ল্যাট্রিন পরিদর্শন করে সার্ভারে তথ্য আপলোড করেছে। যেসব বাড়িতে পাকা ঘর রয়েছে, সেখানে ল্যাট্রিন স্থাপন না করার নির্দেশনা ছিল।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্পটির টেন্ডার হয়েছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাসীন দলের লোকজন তাঁর কাছ থেকে কাজ নিয়ে নিজেরাই বণ্টন করেছেন। তাঁর ভাষ্য, ২০-৩০টি ল্যাট্রিন এলডিপির লোকজন নিয়ে গেছেন। এসব কাজের বিলও তিনি পাননি।

ফাহিম আরও বলেন, হাশিমপুর ইউনিয়নে মোট ২২৯টি ল্যাট্রিন বরাদ্দ ছিল। সব ধরনের কর্তন শেষে প্রতিটির বিপরীতে তিনি ২৫ হাজার টাকা করে পেয়েছেন।

হাশিমপুর ও সাতবাড়িয়া-দুই ইউনিয়নে মোট ৪৫৮টি ল্যাট্রিনের কাজ করেছেন। তাঁর দাবি, অনেকে গোসলখানা নির্মাণের জন্য ল্যাট্রিনের সরঞ্জাম নিয়ে নিজেরাই স্থাপন করেছেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে ফাহিম বলেন, তিনি হাশিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। আগামী নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা থাকায় প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

প্রকল্পের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অফিসের কাজে বাঁশখালীতে ব্যস্ত রয়েছেন। এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

চন্দনাইশ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবীর বড়ুয়া বলেন, এ ধরনের একটি অভিযোগ তাঁরা পেয়েছেন। বিষয়টি নিয়ে দুই পক্ষকে কার্যালয়ে আসতে বলা হয়েছিল। তবে কেউ সময় দেননি। অভিযোগের বিষয়ে ঠিকাদার কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও বলেন, কাজটি দুই বছর আগের হওয়ায় এখন সরেজমিনে গেলে বিভিন্ন জায়গায় অভিযোগ পাওয়া যেতে পারে। তাই বিষয়টি যাচাই করে দেখতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

অভিযোগকারীরা দ্রুত নিরপেক্ষ সরেজমিন তদন্ত, অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোর জন্য বরাদ্দ করা ল্যাট্রিন যথাযথভাবে বিতরণ ও স্থাপনের দাবি জানিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ