চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অন্নকূট অনুষ্ঠানের ভিড়ে দুই নারীর গলা থেকে সোনার চেইন চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্ত করা হয়। পরে তাঁদের কাছ থেকে চুরি যাওয়া দুটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডের শ্রীশ্রী রাধা-গোবিন্দ ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাসনা দাশ ও তাঁর সঙ্গী ঝুমকি দাশ মন্দিরে অন্নকূট অনুষ্ঠানে অংশ নিতে আসেন। বেলা ১টা ১০ মিনিটের দিকে মন্দিরের প্রবেশপথে পৌঁছালে মানুষের প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কির সুযোগে তাঁদের গলা থেকে কৌশলে দুটি সোনার চেইন চুরি করা হয়। রাসনা দাশের চেইনটির ওজন ৬ আনা এবং ঝুমকি দাশের চেইনটির ওজন সাড়ে ৬ আনা।
ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন দুই নারীকে শনাক্ত ও আটক করা হয়। খবর পেয়ে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চুরি যাওয়া চেইন দুটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার দুজনের একজন শাড়ি পরে এবং হাতে ও কপালে শাঁখা-সিঁদুর ধারণ করে মন্দিরে প্রবেশ করেন। অন্যজন থ্রি-পিস পরা অবস্থায় তাঁর সহযোগী হিসেবে চুরির কাজে অংশ নেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, চুরির উদ্দেশ্যে তাঁরা নিজেদের ধর্মীয় পরিচয় গোপন করে মন্দিরে প্রবেশ করেছিলেন।
গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ডরমন্ডল আলগাবাড়ি এলাকার শহিদ মিয়ার মেয়ে মোছা. আনোয়ারা বেগম (২৫) ও বাচ্চু মিয়ার মেয়ে আছিয়া বেগম (২২)।
পুলিশ জানায়, থানার রেকর্ডপত্র ও অপরাধী শনাক্তকরণ ব্যবস্থার তথ্যভান্ডার (সিডিএমএস) পর্যালোচনা করে আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় একটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আছিয়া বেগমের বিরুদ্ধে জিএমপি সদর থানা, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়িসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্ববর্তী মামলার তথ্য ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই ধরনের কৌশল অবলম্বন করে বিভিন্ন স্থানে চুরির ঘটনায় তাঁদের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে বলে পুলিশের দাবি।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৬ আনা ও সাড়ে ৬ আনা ওজনের দুটি সোনার চেইন এবং একটি সাদা রঙের শাঁখা উদ্ধার করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




