কোটি টাকার উন্নয়ন, তবু অলিগলির দুর্ভোগ; এবার সেদিকে নজর চসিকের

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের ৪১ ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

বর্ষা শেষে আগামী পাঁচ থেকে ছয় মাস শীত ও বসন্ত মৌসুমে নগরের বিভিন্ন এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কারকাজ চলবে বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম নগরের প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় অলিগলি-কোনো এলাকাকেই উন্নয়নের বাইরে রাখতে চায় না চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা পাড়া-মহল্লার সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

- Advertisement -
islamibank

শনিবার (২১ নভেম্বর) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে নির্মিত পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধন করা সড়কগুলো হলো ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক ও আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবনসংলগ্ন সড়ক।

অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না। মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রধান সড়কের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। বর্ষাকাল শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ শীত ও বসন্ত মৌসুমজুড়ে নগরের বিভিন্ন এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ চলবে।

চসিক প্রশাসক জানান, গত দুই বছরে নগরে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে এসব উন্নয়নকাজ এখনো চলমান।

কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতিমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা সড়কগুলোর উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এসব সড়ক সংস্কার করা হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে। এ জন্য প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

তবে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, উন্নয়নকাজের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সড়ক নির্মাণ ও সংস্কারে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে।

কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নগরের পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে চসিক প্রশাসক বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে।

পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলাই লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ