চট্টগ্রামের পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরেক যুবদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় মো. আমজাদ হোসেন নামে এক যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
কারাগারে পাঠানো আমজাদ হোসেন উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াকুবদণ্ডী গ্রামের মো. মহসিনের ছেলে।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে পটিয়া উপজেলার বাদামতল এলাকায় এবং পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে দুই দফায় মারামারির ঘটনা ঘটে।
এতে সাবেক ইউপি সদস্য ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুজন গুরুতর আহত হন।
অভিযোগ অনুযায়ী, আমজাদ হোসেনসহ অন্যরা তাঁর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন। পরে তাঁকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আবু বক্কর সুজন বাদী হয়ে গত ৪ নভেম্বর পটিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় মো. আমজাদ হোসেনকে প্রধান আসামি করা হয়। মামলার নম্বর ০৪/৩৫৩।
মঙ্গলবার ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমজাদ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, সাবেক ইউপি সদস্য আবু বক্কর সুজন বাদী হয়ে গত ৪ নভেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে মামলার বাদী আবু বক্কর সুজনের অভিযোগ, আমজাদ হোসেন আগে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
৫ আগস্টের পর তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এক চোরকে শাসন করাকে কেন্দ্র করে আমজাদ ও তাঁর অনুসারীরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন সুজন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত হওয়া এবং শেষ পর্যন্ত হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির কারাগারে যাওয়ার ঘটনায় পটিয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।




