বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ-ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং চট্টগ্রামের নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চসিকের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান সিটি প্রশাসক। নবনিযুক্ত পরিচালকের মাধ্যমে আমন্ত্রণটি কিলিয়ান এমবাপ্পের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ সিটি কর্পোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাক্ষাৎকালে ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় চট্টগ্রাম।
তিনি বলেন, কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রাম সফর করলে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও বেশি অনুপ্রাণিত হবে। ফুটবলপ্রেমী তরুণদের কাছে বিশ্বমানের একজন খেলোয়াড়ের সরাসরি উপস্থিতি হতে পারে বড় ধরনের প্রেরণা।
চট্টগ্রামে ফুটবলের জনপ্রিয়তা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহের প্রসঙ্গ তুলে ধরে সিটি প্রশাসক বলেন, সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার অত্যন্ত জরুরি। তরুণদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তাদের দূরে রাখা সম্ভব।
এ লক্ষ্যেই একটি স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে চট্টগ্রামে ফরাসি ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে আলিয়ঁস ফ্রঁসেজের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি চট্টগ্রামের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এমবাপ্পেকে আমন্ত্রণ জানানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ বলেন, এটি অত্যন্ত সম্মানজনক একটি আমন্ত্রণ। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, চট্টগ্রামের তরুণ সমাজের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে একজন আদর্শ খেলোয়াড়। তাঁর চট্টগ্রাম সফর এ অঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে বৈঠকে ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় ফ্রান্স সরকারের ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর মাধ্যমে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় চলমান বৃহৎ বিনিয়োগের বিষয়টি।
আলোচনায় আশা প্রকাশ করা হয়, এ বিনিয়োগের মাধ্যমে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধানে অগ্রগতি হবে। একই সঙ্গে নগর অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে।
সাক্ষাৎকালে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
কিলিয়ান এমবাপ্পের চট্টগ্রাম সফরের আমন্ত্রণটি এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে পৌঁছানোর প্রক্রিয়ায় রয়েছে।
তবে এ উদ্যোগের মধ্য দিয়ে ফুটবলকে কেন্দ্র করে আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগ, তরুণদের অনুপ্রেরণা এবং নগর উন্নয়নে বিদেশি সহযোগিতার বিষয়গুলো একই আলোচনায় উঠে এসেছে।




