জোয়ারায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের অভিযোগ, ভিডিও প্রকাশে সামনে রাজনৈতিক বিতর্ক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পেট্রোলজাতীয় পদার্থভর্তি জ্বলন্ত বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

- Advertisement -

২৫ নভেম্বর ফজরের আগে শাখাটির প্রধান ফটকের সামনে থেকে একটি জ্বলন্ত বোতল ভবনের বাইরের দেয়ালে নিক্ষেপ করা হয়।

- Advertisement -
google news follower

তবে এতে ব্যাংকের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক।

ঘটনার পর আগুন নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ করেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু।

- Advertisement -
islamibank

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, খাম্বা তারেকে র অবৈধ পিতা সুদী ইউনুসের উপর সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পুড়িল চন্দনাইশের গ্রামীণ ব্যাংক।

পরবর্তী সময়ে স্থানীয় নিষিদ্ধ সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী ভিডিওটি শেয়ার করেন। তাঁদের কয়েকজনের পোস্টে ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ করতেও দেখা যায়।

ফলে ব্যাংকে আগুন নিক্ষেপের অভিযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক প্রচার ও প্রতিক্রিয়াও আলোচনায় এসেছে।

গ্রামীণ ব্যাংকের জোয়ারা শাখার ব্যবস্থাপক মুক্তার আহমেদ জানান, ঘটনার সময় তাঁরা সহকর্মীদের নিয়ে ডরমিটরিতে অবস্থান করছিলেন।

হঠাৎ একটি শব্দ শুনে বাইরে বের হলেও আগুনের কোনো অস্তিত্ব কিংবা সংশ্লিষ্ট কাউকে দেখতে পাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁদের নজরে আসে।

মুক্তার আহমেদ বলেন, গ্রামীণ ব্যাংক দেশের সাধারণ মানুষের প্রতিষ্ঠান। এটি কারও শত্রু নয়। আমরা কাউকে সন্দেহ করছি না। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আমরা নিরাপত্তাহীনতায়ও ভুগছি না।

তিনি জানান, ঘটনাটি জোনাল ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারকে অবহিত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন জড়ো হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করেন।

শাখাটির নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ব্যবস্থাপক জানান, সেখানে মোট নয়জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করেন। তাঁদের নিরাপত্তায় একজন নাইটগার্ডও রয়েছেন। ঘটনার সময় পিয়নসহ দুজন নিচতলায় অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গ্লাসের পরিবর্তে টিনশিট ব্যবহার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে জোনাল ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। তাঁকে কেউ বিষয়টি জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখার পর তিনি বিষয়টি পর্যালোচনা করবেন বলে জানান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ