এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষেও এ রকম আরেকটা জয় প্রত্যাশা করছি, টাইগার দলের নেতা মাশরাফিকে ফোন করে বললেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পা রাখে টাইগাররা। ফাইনালে লাল-সবুজের প্রতিপক্ষ ভারত।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক থেকে টেলিফোনে দলের ক্যাপ্টেন মাশরাফির সঙ্গে কথা বলেন, তাকে এবং তার দলকে চিত্তাকর্ষক ও হৃদয়স্পর্শী এ জয়ের জন্য অভিনন্দন জানান। আসন্ন ম্যাচেও একই রকম আরেকটা বিজয় ছিনিয়ে আনতে টাইগারদের কাছে আরো ভালো পারফরম্যান্স আশা করেন প্রধানমন্ত্রী।
উপ-প্রেস সচিব আরো জানান, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের দর্শনীয় বিজয়ের আনন্দ উদযাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের ব্যস্ততার মধ্যেও নিয়মিত ক্রিকেট ম্যাচের আপডেট রাখছেন ।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের বিভিন্ন সেশনের অংশগ্রহণের ব্যস্ততার মধ্যে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এ জয় উদযাপন করেন।
একটি গুরুত্বপূর্ণ সভা শেষে ক্রীড়া প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিক্টরি সাইন (ভি সাইন) দেখিয়ে গ্রুপ ছবি তুলতেও দেখা যায়। বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন করতে নিউইয়র্কে সবাইকে মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রী ।
এদিকে বুধবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন সেশন এবং সাইড লাইনের বৈঠকের ব্যস্ততার ফাঁকে সাংবাদিকদের সামনে এসে ক্রিকেটারদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
সেখানে প্রধানমন্ত্রী বলেন, আমার ক্রিকেট টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। দোয়া করি, তারা যে জয়ের ধারার সূচনা করেছে, তা যেন অব্যাহত থাকে। ইনশাল্লাহ্ , আমরা আরও জিতবো, জয় আমাদের।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০১৮ এর সেমি ফাইনালে ২৩৯ রানের মাঝারি সংগ্রহ নিয়েও দুর্দান্ত পারফরম্যান্সে জয় ঘরে তুলে নেয় বাংলাদেশের টাইগাররা।
জয়নিউজ/হিমেল ধর




