পুলিশ হেফাজত থেকে যেভাবে পালাল কিশোর অপরাধী

দেশজুড়ে ডেস্ক :

চট্টগ্রামে আদালতে হাজিরা শেষ করে গাজীপুর ফেরার পথে কুমিল্লার একটি হোটেলে যাত্রা বিরতিকালে পুলিশ হেফাজত থেকে জাহিদ হাসান (১৫) নামে এক কিশোর আসামি পালিয়েছে।

- Advertisement -

রোববার (১৪ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রামে উপজেলার ডলি রিসোর্ট নামের হোটেলটির বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায় এ কিশোর অপরাধী।

- Advertisement -
google news follower

পলাতক জাহিদ জেলার দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে। রোববার রাত ১১ পর্যন্ত পুলিশের একাধিক টিম ব্যাপক তৎপরতা চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ হাসান চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত কিশোর অপরাধী। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধনাগারে রাখা হয়।

- Advertisement -
islamibank

রোববার চট্টগ্রামের আদালতে তার মামলার হাজিরার তারিখ ছিল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল ও কনস্টেবল নজরুল তাকে আদালতে হাজিরা শেষে একটি গণপরিবহনে করে পুনরায় গাজীপুরে নেয়ার পথে বিকেলে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডলি রিসোর্ট হোটেলে যাত্রাবিরতি করে।

এ সময় কিশোর অপরাধী জাহিদ হাসান প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজার কড়া নেড়ে ভেতর থেকে বন্ধ পায়। ততক্ষণে কৌশলে সে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

দায়িত্বে থাকা হাবিলদার কামরুল সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধনাগারে নেয়ার পথে বাসটি হোটেল ডলি রিসোর্টে যাত্রা বিরতি করে।

এ সময় কিশোর অপরাধী জাহিদ হাসান বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দিই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, বিষয়টি অবগত হওয়ার পর কিশোর জাহিদ হাসানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও আশপাশ এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ