গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। প্রতিদিনিই বিভিন্ন এলাকায় ড্রোন, বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি।

- Advertisement -

এর ফলে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

- Advertisement -
google news follower

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছে বলে শনিবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

- Advertisement -
islamibank

বর্বর এই আগ্রাসনে আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ। গাজায় প্রাণহানির মর্মান্তিক এই মাইলফলক এমন এক সময়ে পার হলো যখন গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সাথে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও প্রায় প্রতিদিনই নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

এদিকে শনিবার সকালে খান ইউনিসের পূর্বদিকে বানী সুফাইলা শহরে ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

আল জাজিরাকে প্রত্যক্ষদর্শীরা জানান, আল-ফারাবি স্কুলের কাছে কয়েকজন সাধারণ মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়।

এতে জুমা এবং ফাদি তামের আবু আসি নামে দুই ভাই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা পরে তাদের মৃত ঘোষণা করে।

মূলত শনিবার গাজার বিভিন্ন স্থানে স্থল, নৌ ও বিমান ৩ দিক থেকেই নতুন করে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

চিকিৎসা সূত্র জানায়, খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় ইসরাইলি গোলাবর্ষণ ও বোমাবর্ষণে কমপক্ষে ৩ জন ফিলিস্তিনি আহত হয়েছে।

গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফফাহ এলাকায়ও শনিবার সকালে ইসরাইলি বিমান থেকে হামলা চালানো হয়। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় রাফাহর পূর্ব দিকেও হামলা হয়।

এর আগের দিন নাসের মেডিক্যাল কমপ্লেক্স জানায়, বানী সুফাইলায় ইয়েলো লাইনের বাইরে ইসরাইলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা শুক্রবার জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইল তা ৫৩৫ বার লঙ্ঘন করেছে। সূত্র: আল জাজিরা

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ