চোর সন্দেহে পিটিয়ে দিনমজুর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় চোরসন্দেহে আটকের পর পিটিয়ে দিনমজুর ইসমাঈল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি প্রান্ত দাশকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

- Advertisement -

বুধবার (২৪ ডিসেম্বর) নগরের আকবর শাহ থানা এলাকার সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

র‌্যাব জানায়, আসামি প্রান্ত দাশের বাড়ি চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকায়। তার বাবার নাম রণ দাশ।

অন্যদিকে নিহত মোহাম্মদ ইসমাঈল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। জীবিকার তাগিদে তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরের হালিশহর থানার উত্তর হালিশহর এলাকায় বসবাস করতেন।

- Advertisement -
islamibank

গত ২২ অক্টোবর ভোর আনুমানিক চারটার দিকে মোহাম্মদ ইসমাঈল হালিশহর থানার বারুনীঘাট এলাকার ‘মা কর্পোরেশন’ নামীয় একটি বেকু গ্যারেজ এলাকায় গেলে সেখানে অবস্থানরত প্রান্ত দাশ ও তার সহযোগীরা তাকে চোর সন্দেহে আটক করে।

এরপর তাকে গ্যারেজের ভেতরে রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে ইসমাঈল গুরুতর আহত হন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গ্যারেজ মালিক সাহাবুদ্দিনকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে এসে ভুক্তভোগীকে পরিবারের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর মোহাম্মদ ইসমাঈলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ কাঞ্চন বাদী হয়ে হালিশহর থানায় পাঁচজন এজাহারনামীয় ও একজন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, মামলার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার চার নম্বর এজাহারনামীয় আসামি প্রান্ত দাশ নগরের আকবর শাহ থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ