চন্দনাইশে রান্নার প্রস্তুতি নিতে লাকড়ি আনতে গিয়ে বিষধর সাপের ছোবলে রহিমা বেগম (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভার ময়নার বাপের পাহাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম ওই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী। মাত্র ৪০ দিন আগে বিয়ে হয়েছিল তাঁর।
নতুন সংসারের ব্যস্ততার মধ্যেই রান্নার প্রস্তুতি নিতে গিয়ে এমন করুণ পরিণতি নেমে আসে তাঁর জীবনে।
নিহতের স্বামী অহিদুল্লাহর ভাই সেলিমুল্লাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় রান্নার জন্য লাকড়ি আনতে ঘরের পাশে থাকা লাকড়ির স্তূপে যান রহিমা বেগম।
সেখানে লাকড়ি তুলতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়।
সাপের ছোবলের পরপরই তীব্র যন্ত্রণা অনুভব করেন রহিমা। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান। স্বজনরা দ্রুত তাঁকে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. টিপু মজুমদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রহিমা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
মাত্র ৪০ দিন আগে শুরু হয়েছিল নতুন জীবনের পথচলা। রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে বিষধর সাপের ছোবলে সেই পথচলারই আকস্মিক সমাপ্তি হলো ১৮ বছরের নববধূ রহিমা বেগমের।
তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।




