চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. নেজাম উদ্দিন (৩৮) নামে এক মুদির দোকানদার নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দেবরকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি মো. জামাল উদ্দিন সুমন (৩৬) এখনও পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়িতে পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. নেজাম উদ্দিন ওই এলাকার মৃত আবদুল হালিমের বড় ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনের কোদালের আঘাতে গুরুতর আহত হন নেজাম উদ্দিন। পরে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে দেবর মো. জামাল উদ্দিন সুমন (৩৬), শাশুড়ি হালিমা বেগম (৭০) ও জামালের স্ত্রী সানজিদা আকতার পপি (২৬) কে আসামি করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে পুলিশ নিহত নেজাম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ।




