দিল্লির হোটেল-গেস্টহাউসে অভিযান, আটক ছয় বাংলাদেশি

অনলাইন ডেস্ক

ভারতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ।

- Advertisement -

রোববার (৩ আগস্ট) ‘অপারেশন ভিস্টা ওয়ান পয়েন্ট’-এর আওতায় দিল্লির বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে বিশেষ যাচাই অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়।

- Advertisement -
google news follower

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের অংশ হিসেবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে থাকা বিদেশি নাগরিকদের ভিসা, পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত নথি যাচাই করা হয়। এ সময় ছয় বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ ওঠে।

কর্মকর্তারা জানান, আটক ছয় বাংলাদেশি ডাবল-এন্ট্রি ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। তবে ভিসার শর্ত অনুযায়ী প্রতিটি সফরে সর্বোচ্চ ১৫ দিন ভারতে অবস্থানের অনুমতি থাকলেও তারা নির্ধারিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করছিলেন।

- Advertisement -
islamibank

নথিপত্র যাচাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশও জারি করা হয়েছে।

পরে আটক ছয় বাংলাদেশিকে সেবা ধাম ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, দুই নারীসহ ছয় বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীকে’ আসাম পুলিশ আটক করেছে। পরে তাদের বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সতর্কতামূলক অভিযানের অংশ হিসেবে আন্তর্জাতিক সীমান্তের কাছে ওই ছয়জনকে শনাক্ত ও আটক করা হয়। পরবর্তী সময়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

তবে কোন সীমান্ত সেক্টর থেকে ওই বাংলাদেশিদের আটক করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি আসামের মুখ্যমন্ত্রী।

হেমন্ত বিশ্ব শর্মা আরও জানান, বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

আসাম পুলিশের তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এখন পর্যন্ত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ১৬৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানো হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও আসাম পুলিশ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ-সংলগ্ন আসামের এক হাজার ৮৮৫ কিলোমিটার সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ছয় বাংলাদেশির আটক এবং আসামে আরও ছয় বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর তথ্যের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত ও বিদেশি নাগরিকদের অবস্থানসংক্রান্ত যাচাই-বাছাই যে আরও কঠোর হচ্ছে, সেটিই সামনে এসেছে। সূত্র: দ্য প্রিন্ট

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ