দেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদি সরকারি (জিটুজি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৬তম সভায় এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি চাহিদা ক্রমেই বাড়তে থাকায় প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করার ধারাবাহিক প্রস্তুতির অংশ হিসেবে এই দুই কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, কাতার থেকে আমদানির জন্য নির্ধারিত এলএনজি কার্গো দুটি আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর ২০২৬ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
তবে এই দুই কার্গোর জন্য বিদ্যমান জিটুজি চুক্তিতে নির্ধারিত মূল্যের তুলনায় কিছুটা ভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ‘জেকেএম’ সূচক থেকে ০.০২ ডলার কম।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব উপস্থাপনের পর কাতার এনার্জি ট্রেডিং এলএলসি-কে অতিরিক্ত দুই কার্গো এলএনজি সরবরাহের জন্য সুপারিশ করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
পরে প্রস্তাবটির সার্বিক দিক পর্যালোচনা করে তা অনুমোদন দেওয়া হয়।
এর ফলে দীর্ঘমেয়াদি জিটুজি চুক্তির আওতায় কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি দেশে আসার প্রক্রিয়া এগিয়ে গেল।
নির্ধারিত সূচি অনুযায়ী কার্গো দুটি নভেম্বরের ৬ ও ২২ তারিখে দেশে পৌঁছালে জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তা যুক্ত হবে।




