চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে পাকা সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা করা হয়।
একপর্যায়ে সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে সংঘর্ষে সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একই সঙ্গে সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




