চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন (৩১) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কদমতলী আটমাসিং থেকে রেললাইনগামী পাকা সড়ক দিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন কাস্টমস কর্মকর্তা মো. হাসানুজ্জামান খান।
পথে তিন ছিনতাইকারী তাকে জোরপূর্বক থামিয়ে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়।
হঠাৎ ছিনতাইকারীদের কবলে পড়ে প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ওই দিনই থানায় মামলা করেন ভুক্তভোগী কাস্টমস কর্মকর্তা। ঘটনায় কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলা করা হয়।
মামলার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার রাতে নগরের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সদরঘাট থানার এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার আনোয়ার হোসেন একাধিক মামলার আসামি। তার কাছ থেকে কাস্টমস কর্মকর্তার ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার আনোয়ারকে আদালতে পাঠানো হয়েছে।




