দেশে ফেরার পথ কি ক্রমেই প্রস্তুত করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য তাঁর আবেদন সেই প্রশ্নকে সামনে এনেছে।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদনপত্র পাঠিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পুনরায় ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করার খবরের পরিপ্রেক্ষিতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’
রয়টার্স জানিয়েছে, আইনজীবীদের মাধ্যমে হাইকমিশনে পাঠানো ওই চিঠি তারা দেখেছে। এতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতা’ অনুযায়ী আবেদনটি জরুরি ভিত্তিতে নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য এই আবেদনকে দেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
শেখ হাসিনার সহযোগীদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই বাংলাদেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় তাঁদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন, দেশে ফেরার সম্ভাব্য তারিখ ঘোষণার ইঙ্গিত-সব মিলিয়ে শেখ হাসিনার পরবর্তী রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তবে আবেদন নিষ্পত্তি এবং দেশে ফেরার বিষয়টি এখনো নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও পরবর্তী আনুষ্ঠানিকতার ওপর।




