নদীতে ট্যাংকারের ধাক্কা, মুহূর্তেই কাত হয়ে উল্টে গেল প্রমোদতরি-আহত ৩২

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেছে ১২৯ যাত্রী ও কর্মী বহনকারী একটি প্রমোদতরি। শুক্রবারের এ দুর্ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

- Advertisement -

তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পর জাহাজে থাকা সবাইকে উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এমন কেউ নেই।

- Advertisement -
google news follower

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিউ অরলিন্স বন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আটলান্টিক অ্যাসফাল্ট নামের একটি ট্যাংকার আমেরিকান ক্রুজ লাইনস পরিচালিত ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরিটিকে ধাক্কা দেয়।

- Advertisement -
islamibank

দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে বন্দরে নোঙর করেছিল প্রমোদতরিটি। যাত্রীদের নামিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় ট্যাংকারটির ধাক্কায় বিপর্যয় ঘটে।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরিটিতে আঘাত করে। সংঘর্ষের পর প্রমোদতরিটি ধীরে ধীরে একদিকে কাত হয়ে যায়। একপর্যায়ে সেটি উল্টে যায়। এ সময় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষে প্রমোদতরিটির ধাতব কাঠামো ও কাচ ভেঙে যায়। লাইফ জ্যাকেট পরা যাত্রীদের উদ্ধার করে আশপাশের নৌযানে তোলা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেয় বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস, নিউ অরলিন্স পুলিশ বিভাগ, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও জরুরি চিকিৎসাকর্মীরা।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যগত অবস্থা যাচাইয়ের জন্য নিউ অরলিন্স বন্দরের প্রশাসনিক ভবনে বিশেষ ব্যবস্থা করা হয়।

উদ্ধার অভিযান চলাকালে মিসিসিপি নদীর দুর্ঘটনাকবলিত নির্দিষ্ট অংশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে কোস্টগার্ড। ওই সময় নদীর পানির তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

প্রমোদতরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আমেরিকান ক্রুজ লাইনস জানিয়েছে, জাহাজে থাকা সব যাত্রী ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

উদ্ধার ও পরবর্তী কার্যক্রমে স্থানীয় কর্তৃপক্ষ এবং কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রতিষ্ঠানটি। দুর্ঘটনায় সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে তারা।

২০১৫ সালে নির্মিত পাঁচতলা ‘আমেরিকান হেরিটেজ’ প্রমোদতরিতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। আট দিনের ভ্রমণ শেষে এটি নিউ অরলিন্সে ফিরেছিল।

অন্যদিকে, প্রায় ১৬০ মিটার দীর্ঘ আটলান্টিক অ্যাসফাল্ট ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী। অ্যাসফাল্ট ও বিটুমিন পরিবহনে ব্যবহৃত এই জাহাজে দুর্ঘটনার সময় কোনো পণ্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটি তদন্তের উদ্যোগ নিয়েছে।

প্রাথমিকভাবে ট্যাংকারটির নিয়ন্ত্রণ বা দিকনির্দেশনা ব্যবস্থায় ত্রুটির আশঙ্কা সামনে এলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ