কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: চসিক প্রশাসক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীতে যানজট, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগর প্রতিষ্ঠা করা শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে যানজট, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

প্রশাসক বলেন, কিশোর ও তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবারকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে মাদক, কিশোর গ্যাং এবং ছিনতাইয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

হোল্ডিং ট্যাক্স ও রাজস্ব আদায়ের বিষয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি ছাড়া নগরের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করা কঠিন। সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও অন্যান্য নাগরিক সেবা পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হয়। তাই নাগরিক ও ব্যবসায়ীদের নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে হবে। সিটি কর্পোরেশনের পাওনা রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। আইন ও বিধি অনুযায়ী সবার কাছ থেকেই প্রাপ্য রাজস্ব আদায় করা হবে।

- Advertisement -
islamibank

নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পদ ও জায়গাগুলো যথাযথভাবে ব্যবহার করে আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রামে বাংলাদেশের প্রথম আধুনিক সিটি সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে নাগরিকদের অনুষ্ঠান আয়োজন, বিনোদন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

মাঝিরঘাট এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার যেসব সড়ক সংস্কার করা প্রয়োজন, সেগুলোর সুনির্দিষ্ট তালিকা ও প্রয়োজনীয় তথ্য সিটি কর্পোরেশনকে দিলে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের মাধ্যমে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু উন্নয়নকাজ করলেই হবে না, সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতেও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, নগরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সবার। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা তাদের দায়িত্ব পালন করবেন, পাশাপাশি নাগরিকদেরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং সড়ক ও জনসাধারণের চলাচলের পথ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করতে হবে। প্রশাসন ও নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি হলেই কাঙ্ক্ষিত নগর গড়ে তোলা সম্ভব।

মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াসের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সরোয়ার বাবুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম উল্লাহ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আজিজ এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী নুরুল আমিন, হাজী মোহাম্মদ ফরিদ ও হারুন-অর-রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, মোহাম্মদ শাহজাহান, দানু মিয়া, মঞ্জু মিয়া, ইসমাইল, হাসান মুরাদ, দিদারুল ইসলাম, কামরুল ইসলাম, আবু মোতালেব মুন্সি, সালাহউদ্দিন জুয়েল, আবছার উদ্দিন, মোহাম্মদ রাশেদ, জাকির হোসেন, নুর জাহেদ বাবলু, মির্জা মারুফ, আব্দুল করিম, আবু রাসেল, জাহাঙ্গীর, জহির মিয়া, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জিতু, মোহাম্মদ রাজু, রাশেদুর রহমান, মোহাম্মদ মিজান, আশরাফ হোসেন মুক্তার, সাখাওয়াত রাফিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ