অনুমোদিত নকশায় এক রকম, বাস্তবে নির্মাণ করা হয়েছে অন্য রকম। কোথাও নকশার বাইরে বাড়ানো হয়েছে ভবনের অংশ, কোথাও নির্মাণ করা হয়েছে অনুমোদনহীন স্থাপনা।
এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
একই অভিযানে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং পাঁচটি ভবনের নকশাবহির্ভূত বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে চউকের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
চউক সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে নগরের পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার মোট ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়।
এ সময় অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় এবং নকশার বাইরে বর্ধিতাংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়।
পরিদর্শনে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেন। নিয়মবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করে দেওয়া হয়।
এ ছাড়া অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে সংশ্লিষ্ট মালিকেরা নির্মাণকাজ চালিয়ে যেতে না পারেন।
অভিযান চলাকালে পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভবনগুলোর অবশিষ্ট নকশাবহির্ভূত অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়।
চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ প্রতিরোধে চউকের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
অনুমোদিত নকশার বাইরে গিয়ে যাঁরা ভবন নির্মাণ করেছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
নগরে পরিকল্পিত ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




