রাতের আঁধারে মিছিল, ভোরে অগ্নিসংযোগ: আনোয়ারায় সাতজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় পৃথক দুটি এলাকায় ঝটিকা মিছিল, সড়কে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি এবং ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

- Advertisement -

মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. ফারুক হোসেনকে।

- Advertisement -
islamibank

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ারা সদরের শাখাওয়াত হোসেন ওরফে হামিম (২২), মো. তারেক (১৯), ফারহান মাহমুদ (১৯), বাঁশখালীর সাধনপুরের আবদুল মাহিদ (১৯), কর্ণফুলীর চরপাথরঘাটার সাইদুল ইসলাম ওরফে সাইমন (২০), আনোয়ারার চাতরীর মো. আবু তৈয়ব (৪৪) এবং হাইলধরের মো. হাবিবুর রহমান (২৮)।

ভোরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটের দিকে চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাতরী বাজারসংলগ্ন বাঁশখালী-চট্টগ্রাম সড়কের পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একদল লোক জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। এ সময় তাঁরা নাশকতা ও ভাঙচুরের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পুলিশ বক্সের ভেতরে আগুন ধরিয়ে দেন। তাঁদের হাতে লাঠিসোঁটা, ইটপাটকেল, রড, দা ও কিরিচ ছিল বলে এজাহারে উল্লেখ করেছে পুলিশ।

পরে তাঁরা বিভিন্ন দিকে পালিয়ে যান। আগুনে পুলিশ বক্সের ভেতরে থাকা একটি চেয়ার পুড়ে যায়। এ ছাড়া বক্সের কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির কাছের সড়কে ২০ থেকে ৩০ জনের একটি দল ঝটিকা মিছিল করে।

মামলার এজাহার অনুযায়ী, হেলমেট ও মুখোশ পরা মিছিলকারীদের কয়েকজনের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র ছিল।

তাঁরা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিরও চেষ্টা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে সকাল ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে সাতজনকে আটক করে পুলিশ।

তাঁদের ফেলে যাওয়া ১৫টি বাঁশের লাঠি, ৩০টি ইটের টুকরা ও একটি দেশীয় তৈরি লোহার দা জব্দ করা হয়।

মামলার এজাহারে নাম থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব শাহ্, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাজান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আসিফুল ইসলাম বাপ্পি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য শাহাজাদা শাহ্ ও রবিউল হায়দার।

এ ছাড়া আসামিদের তালিকায় রয়েছেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান এবং বারখাইন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাফেজ আহাম্মদ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, পলাতক এবং দেশে-বিদেশে অবস্থানরত অভিযুক্তদের মদত ও অর্থায়নে তাঁরা জড়ো হয়েছিলেন।

জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার চেষ্টার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ