চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির ফল জালিয়াতি: কম্পিউটার বিভাগের তিন কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

- Advertisement -

ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা এই তিন কর্মীর বিরুদ্ধে এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

- Advertisement -
google news follower

তাঁদের মধ্যে কেউ কেউ দীর্ঘ ১৩ বছর ধরে একই দায়িত্ব পালন করে আসছেন। জালিয়াতির ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।

সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে আসেনি।

- Advertisement -
islamibank

১৮ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) ও মো. আবদুল মালেক (৫৬)। ফরহাদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে। আর মো. আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।

পাঁচলাইশ থানার মামলা নম্বর ২৬(১০)২৬-এর এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭ক ও ৩৪ ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১৩, ৫, ৬ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, ফলাফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের কম্পিউটার বিভাগের তিন কর্মীকে আটক করা হয়েছে।

তাঁদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

থানার নথি অনুযায়ী, গ্রেপ্তারের পর তিনজনকে পাঁচলাইশ থানার হাজতে রাখা হয়। এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তৃতীয় আসামি মো. আবদুল মালেক আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছেন।

তাঁর স্বজনেরা চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় আসেন। বিষয়টি ভবিষ্যতের জন্য থানার সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছিল।

সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় এবার তিন কর্মীকে গ্রেপ্তার করল সিআইডি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এর আগেও এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় থানা-পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়।

তবে অভিযোগপত্রে নানা অসংগতি থাকায় আদালত তা গ্রহণ করেননি। ফলে ওই মামলার তদন্তপ্রক্রিয়া ও প্রকৃত ঘটনা নিয়ে প্রশ্ন থেকে যায়।

সংশ্লিষ্ট সচেতন মহলের মতে, এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির পুরোনো মামলাটিও সিআইডির কাছে হস্তান্তর করে নতুন করে তদন্ত করা প্রয়োজন।

এতে আগের তদন্তের অসংগতিগুলো চিহ্নিত করার পাশাপাশি জালিয়াতির প্রকৃত রহস্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হতে পারে।

এসএসসি ফলাফল জালিয়াতির ঘটনায় বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মীর গ্রেপ্তারের পর স্বাভাবিকভাবেই সামনে এসেছে আরও কিছু প্রশ্ন।

ফলাফল প্রস্তুতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘদিন একই ব্যক্তিদের বহাল রাখা, নম্বর পরিবর্তনের সুযোগ এবং তদারকির কার্যকারিতা-সবকিছুই এখন তদন্তের আওতায় আসা প্রয়োজন।

কারণ, পরীক্ষার ফলাফলের বিশ্বাসযোগ্যতা শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে নয়, পুরো শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জনআস্থার সঙ্গেও জড়িত।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ