বারকোড ও মেজ্জান হাইলে আইয়ুনকে ৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের দুটি খাদ্যপ্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে পরিচালিত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে এ জরিমানা করা হয়।

- Advertisement -

চট্টগ্রাম মহানগরের বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -
google news follower

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারি এবং মেজ্জান হাইলে আইয়ুন প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও খাদ্য নিরাপত্তার অসঙ্গতি পাওয়া যায়।

পরিদর্শনে পচা চিজ, পচা-বাসি সাবুর দানা ও মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্লাস্টিকের পাত্রে ভাতের মাড় রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং রক্তমাখা মাংস সংরক্ষণের বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মাংসগুলো কুকুরের খাবার (ডগ ফুড) হিসেবে ব্যবহারের জন্য রাখা হয়েছে বলে দাবি করে।

- Advertisement -
islamibank

অভিযানে ময়লা কম্বলে মোড়ানো প্লাস্টিকের পাত্রে দই উৎপাদনের বিষয়টিও শনাক্ত করা হয়। পাশাপাশি মেজ্জান হাইলে আইয়ুন প্রতিষ্ঠানে ইঁদুরের উপস্থিতি এবং ইঁদুরকে সবজি খেতে দেখা যায় বলে জানায় কর্তৃপক্ষ।

এ সময় বিচারিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আদালতের কার্যক্রমে অসহযোগিতার অভিযোগও উল্লেখ করা হয়।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ডতফসিলে বর্ণিত ৩৩ ও ৪০ ধারার অধীনে প্রতিষ্ঠান দুটিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে এক মাসের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের মানোন্নয়নসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বারকোড ফুড জাংশনে তাৎক্ষণিকভাবে সংশোধনযোগ্য কিছু অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, সিএমপির এসআরবি-৭ এবং চট্টগ্রাম আনসার ব্যাটালিয়নের একটি দল সমন্বিতভাবে দায়িত্ব পালন করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান ও বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ