সাত মাস পর সিইউএফএলে ফের উৎপাদন শুরু

অনলাইন ডেস্ক

দীর্ঘ সাত মাসের বন্ধ অবস্থা শেষে আবারও উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

- Advertisement -

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

- Advertisement -
google news follower

এর আগে, গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছিল।

গত ১১ এপ্রিল থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেডিসিএল)। ফলে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ১৯ অক্টোবর থেকে পুনরায় গ্যাস সরবরাহ চালু হলে যান্ত্রিক প্রস্তুতি শেষে শনিবার রাতে উৎপাদন শুরু হয়।

- Advertisement -
islamibank

সিইউএফএল সূত্রে জানা যায়, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য প্রতিদিন ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংকট ও যান্ত্রিক সমস্যার কারণে গত অর্থবছরে কারখানাটি আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করেছে।

কৃষিনির্ভর বাংলাদেশে প্রতি বছর ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির বিভিন্ন কারখানা মিলে দেশীয়ভাবে প্রায় ১০ লাখ টন সার উৎপাদন করে। বাকি ১৬ লাখ টন ইউরিয়া আমদানি করতে হয় সরকারকে।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারার রাঙ্গাদিয়ায় প্রতিষ্ঠিত হয় সিইউএফএল। চালুর সময় দৈনিক ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনক্ষমতা থাকলেও বর্তমানে তা দাঁড়িয়েছে ১,২০০ মেট্রিক টনে। পাশাপাশি কারখানাটি বছরে ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে।

সিইউএফএলের এমডি মিজানুর রহমান বলেন, ‘গত ১৯ অক্টোবর থেকে গ্যাস সরবরাহ পেয়েছি। এখন পুরোদমে ইউরিয়া উৎপাদন চলছে। গ্যাস সরবরাহ বন্ধ না হলে এবং কোনো যান্ত্রিক ত্রুটি না দেখা দিলে উৎপাদন অব্যাহত থাকবে।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ