চট্টগ্রামের সাতকানিয়া থানার আলোচিত মো. সেলিম হত্যা মামলায় পলাতক এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাইন উদ্দিন (২৮)। তিনি সাতকানিয়া থানার তালগাঁও এলাকার নসরুল হকের ছেলে এবং মামলার ১২ নম্বর এজাহারনামীয় আসামি।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কারখানা এলাকায় অভিযান চালানো হয়।
সেখান থেকেই মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, নিহত মো. সেলিম ছিলেন একজন দুবাই প্রবাসী। প্রায় ছয় মাস আগে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর তার বন্ধু সাইফুলের সঙ্গে হঠাৎ করেই বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগ উঠে আসে।
ঘটনার দিন গত ২৮ মে সন্ধ্যায় বাংলা বাজার এলাকায় সেলিম একা অবস্থায় ছিলেন।
অভিযোগ অনুযায়ী, ওই সময় সাইফুল ও তার সহযোগীরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ৩০ জনকে এজাহারনামীয় এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
র্যাব জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




