চট্টগ্রামের বোয়ালখালীতে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত রোবেয়া বেগম (৬৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
নিহত রোবেয়া বেগম উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী নুরা মাঝির বাড়ির সুলতান আহমদের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে নিহতের ছেলে মো. সাইফুদ্দিন জানান, গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




