শেষ ভরসাও ভাঙল হাইকোর্টে, ৪ জুলাইই হচ্ছে বিএসবিআরএ নির্বাচন

অনলাইন ডেস্ক

ভোটের ঠিক আগমুহূর্তে আবারও আদালতের দরজায় কড়া নাড়লেন আমজাদ হোসেন চৌধুরী।

- Advertisement -

লক্ষ্য ছিল একটাই—বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন স্থগিত করা।

- Advertisement -
google news follower

কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের শেষ অধ্যায়েও ভাগ্য তাঁর পক্ষে ফিরল না। হাইকোর্ট নির্বাচন স্থগিতের কোনো আদেশ দেননি।

ফলে ৪ জুলাই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত এই নির্বাচন। আদালতের সর্বশেষ অবস্থানের পর নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তারও কার্যত অবসান ঘটেছে।

- Advertisement -
islamibank

আদালত-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, নির্বাচন বোর্ডের ২৫ মে ২০২৬-এর আদেশ এবং ২৯ জুন প্রকাশিত নির্বাচনী বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেছিলেন আমজাদ হোসেন চৌধুরী।

শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি কেবল রেকর্ডে রাখার নির্দেশ দেন। তবে নির্বাচন স্থগিতের কোনো আদেশ দেননি।

আইনজীবীর সার্টিফিকেটেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিএসবিআরএ-২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই।

এর আগেই ঋণখেলাপি-সংক্রান্ত কারণে নির্বাচন বোর্ড আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বাতিল করে। পরে আপিল ও বিচারিক প্রক্রিয়াতেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।

ফলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারান তিনি। এরপর নির্বাচন স্থগিতের লক্ষ্যে ধারাবাহিক আইনি উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো প্রচেষ্টাই সফল হয়নি।

নির্বাচন-সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন আইনি পদক্ষেপের কারণে ভোটগ্রহণের সময়সূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে আদালতের সর্বশেষ সিদ্ধান্তের পর সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। ইতোমধ্যে নির্ধারিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠনের নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের আইনি টানাপোড়েন সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল।

আদালতের সর্বশেষ সিদ্ধান্ত সেই বিতর্কেরও কার্যত ইতি টেনেছে। এখন আদালতের রায়কে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করাই সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

এর আগে গত সোমবার (২৯ জুন) বিএসবিআরএ নির্বাচন বোর্ড প্রকাশিত সংশোধিত নির্বাচনী তফসিল ও পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ৪ জুলাই বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ