রাজধানীতে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সুফী কনফারেন্সকে সামনে রেখে প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম।
এরই ধারাবাহিকতায় কনফারেন্স আয়োজনের লক্ষ্যে সংগঠনটির প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।
আজ ২৯ জুলাই বিকেলে চট্টগ্রামের একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নূর মুহাম্মদ রানার সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন সুফী কনফারেন্সকে সফল, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
এতে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক এস এম বরকত আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মুছা, হালদা গবেষক মুহাম্মদ হারুন পাশা, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী, মুহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে একটি গোলটেবিল আলোচনা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী অক্টোবরে রাজধানীতে অনুষ্ঠিতব্য সুফী কনফারেন্সের সার্বিক আয়োজন, প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, সুফী ভাবধারার চর্চা, মানবিক মূল্যবোধ, শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাই আসন্ন আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।
সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে সুফী কনফারেন্স ও চট্টগ্রামের গোলটেবিল আলোচনা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাশাপাশি আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়।
চট্টগ্রামে অনুষ্ঠিত এ প্রথম প্রস্তুতি সভার মধ্য দিয়ে আগামী অক্টোবরে রাজধানীতে অনুষ্ঠেয় সুফী কনফারেন্সকে ঘিরে সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।




