আন্ডারওয়্যারে ৯ স্বর্ণখণ্ড, গ্রিন চ্যানেলেই ধরা ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক

শারজাহ থেকে চট্টগ্রাম। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পেরিয়ে নির্বিঘ্নে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

- Advertisement -

কিন্তু শেষ পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত তল্লাশিতে ধরা পড়ল অভিনব কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের চালান।

- Advertisement -
google news follower

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪২৭ গ্রাম স্বর্ণ, যার আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা।

আজ সকাল ৮টা ৩০ মিনিটে শারজাহ থেকে এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-526 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

- Advertisement -
islamibank

পরে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি চালায় বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রতিনিধি দল।

তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ পেস্ট আকারে লুকিয়ে রাখা অবস্থায় ৯টি স্বর্ণের টুকরা পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।

আটক ভারতীয় নাগরিকের নাম তামিম আনসারী। তার পাসপোর্ট নম্বর ZA806284। ঠিকানা চেন্নাই, তামিল নাডু, ভারত।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৪২৭ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা।

উদ্ধার হওয়া স্বর্ণের চালানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় স্বর্ণ পরিবহনে জড়িত থাকার অভিযোগে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা শেষে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান ও যেকোনো ধরনের বৈদেশিক মুদ্রা পাচার রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থাসমূহ, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং সর্বোপরি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সমন্বিত ও সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ