শব্দদূষণ রোধে চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
অভিযানে নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চারটি বাসকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে সাতটি হাইড্রোলিক হর্ন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের মাশাবির সামনে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক চন্দন বিশ্বাস, লোহাগাড়া থানার এএসআই লূৎফুর রহমান এবং উপজেলা ভূমি অফিসের নাজির সাহেদুল ইসলামসহ লোহাগাড়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা সদরে মাশাবির সামনে এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে পরিবেশ অধিদপ্তরের টিমকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করি।
তিনি জানান, নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন বিধিমালা ২০২৫-এর আলোকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে মারসা পরিবহনকে ৩ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৩ হাজার টাকা, ঈগল গাড়িকে ২ হাজার ৫০০ টাকা এবং পুরবী গাড়িকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে চারটি গাড়িকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি শব্দদূষণ সৃষ্টিকারী ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মং এছেন আরও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণসহ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মহাসড়কে চলাচলকারী যানবাহনের অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত শব্দ যাতে পথচারী, যাত্রী ও আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব না ফেলে, সে লক্ষ্যেই প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




