চট্টগ্রাম নগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন মিষ্টান্ন ও দুগ্ধজাত পণ্য বিক্রি, অননুমোদিত ক্ষতিকর রং ও কেমিক্যাল বিক্রি এবং মাছ বিক্রিতে কারচুপির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
মঙ্গলবার কর্ণফুলী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরকে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও দুগ্ধজাত পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মানিক স্টোরকে অননুমোদিত ও ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অননুমোদিত কেমিক্যাল কেওড়াজল বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া দেবব্রত দাসের মাছের দোকানকে মাছ বিক্রিতে কারচুপি এবং দামি মাছের সঙ্গে কম দামি মাছ মিশিয়ে বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং অনিরাপদ বা অননুমোদিত খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ব্যবসায়ীদের পণ্যের মান, মেয়াদ ও অনুমোদনের বিষয়গুলো নিশ্চিত করে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হচ্ছে।
তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য বাজারজাত বা বিক্রি করা হলে আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




