চট্টগ্রাম নগরীর হালিশহর, বন্দর ও পতেঙ্গা এলাকায় পুলিশের সোর্স এবং কথিত ডিবির ‘ক্যাশিয়ার’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে আজগর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হালিশহরের বড়পুল মোড় এলাকা থেকে ডিবি পশ্চিম বিভাগের একটি দল তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হালিশহর, বন্দর ও পতেঙ্গা এলাকায় বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিলেন আজগর-এমন অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, নিজেকে পুলিশের সোর্স এবং ডিবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের ভাষ্য, বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি সামনে আসার পর আজগরকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযোগের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হবে।
ডিবি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আব্দুর রহিম বলেন, বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আজগরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




