নতুন কোচ, নতুন স্বপ্ন-বাংলাদেশের সঙ্গে মাকেতার পথচলা শুরু

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের শুরুটা আরও বিশেষ হয়ে গেল মালিবোংওয়ে মাকেতার জন্য।

- Advertisement -

দক্ষিণ আফ্রিকার এই কোচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর দলের সঙ্গে যোগ দেওয়ার দিনটিই ছিল তার জন্মদিন।

- Advertisement -
google news follower

নতুন দায়িত্ব, নতুন দল আর ভিন্ন এক ক্রিকেট সংস্কৃতি-সব মিলিয়ে বাংলাদেশে নিজের যাত্রা নিয়ে বেশ রোমাঞ্চিত মাকেতা। তার চোখ অবশ্য শুধু বর্তমান সিরিজে নয়, আরও বড় লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও।

মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই মাকেতাকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

- Advertisement -
islamibank

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। স্বদেশি হিসেবে দেশটির কন্ডিশন, পরিবেশ ও ক্রিকেটীয় বাস্তবতা সম্পর্কে মাকেতার ভালো ধারণা রয়েছে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় বিসিবি।

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাকেতা বলেন, ‘দারুণ এক্সাইটিং। যখনই আমি সুযোগ পেলাম, আমি দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দারুণ এক্সাইটেড ছিলাম।

প্লেয়ারদের সঙ্গে, কোচদের সঙ্গে দেখা করতে দারুণ রোমাঞ্চ কাজ করছিল। এখন সবার সঙ্গে দেখা হয়েছে। আশা করি এখানে আমার যাত্রাটা দারুণ রোমাঞ্চে ভরপুর হবে। আমি অনেক এক্সাইটেড।’

তবে দলের সঙ্গে যোগ দেওয়ার দিনটি যে তার জন্য অন্য যেকোনো দিনের চেয়ে একটু বেশি বিশেষ, সেটি বলার অপেক্ষা রাখে না। কারণ নতুন দায়িত্বের প্রথম দিনেই ছিল তার জন্মদিন।

জীবনের একটি গুরুত্বপূর্ণ দিনে নতুন কর্মযাত্রার সূচনা হওয়াকে তাই বিশেষভাবেই দেখছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

মাকেতার ভাষায়, ‘আমার জন্মদিনের দিনই দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারটি বিশেষ কিছু ছিল। এখানে আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।

আমি অনেকদিন ধরেই কোচিং করাচ্ছি। ভিন্ন ধাঁচের সংস্কৃতিতে কাজ করতে পারার সুযোগ পাওয়াটা দুর্দান্ত ব্যাপার।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মাকেতা। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়ে ওঠা দলের সঙ্গে কাজ করার সময়টিকে তিনি দেখছেন দারুণ এক সুযোগ হিসেবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমাকে এমন সময়ে আনা হয়েছে যখন দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার এসেছে। দলে যোগ দেওয়ার জন্য দারুণ এক্সাইটিং সময়।’

বাংলাদেশ দলের সঙ্গে প্রথম অনুশীলনের অভিজ্ঞতাও মাকেতার প্রত্যাশা পূরণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের গরম আবহাওয়ার কথা উল্লেখ করলেও অনুশীলনে ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।

বিশেষ করে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে নিজেদের সামর্থ্য দেখানোর বিষয়টি নজর কেড়েছে তার।

প্রথম অনুশীলন নিয়ে মাকেতা বলেন, ‘প্রথম অনুশীলন ছিল, অনেক গরম এখানে। ছেলেরা নিজেদের কাজটা ভালোভাবেই করেছে। বেশ অনুপ্রেরণাদায়ক ছিল।

ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তারাও চড়াও হয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ বা সব দিক দিয়েই। প্রথম অনুশীলন দারুণ ইম্প্রেসিভ ছিল। উপভোগ করেছি, দারুণ উপভোগ করেছি।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে এখন দলের সঙ্গে সময় কাটাবেন মাকেতা। তবে তার দায়িত্বের পরিধি যে শুধু একটি সিরিজে সীমাবদ্ধ নয়, সেটি স্পষ্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনাতেই।

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি, তরুণ ক্রিকেটারদের উন্নয়ন এবং দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে তার অভিজ্ঞত-সবকিছুই কাজে লাগাতে চায় বিসিবি। আর সেই বড় লক্ষ্য সামনে রেখেই জন্মদিনে বাংলাদেশ ক্রিকেটে মাকেতার নতুন অধ্যায়ের যাত্রা শুরু হলো।

প্রথম দিনেই তার কণ্ঠে ছিল উচ্ছ্বাস, অনুশীলনে ছিল মুগ্ধতা। এখন সেই রোমাঞ্চ মাঠের পারফরম্যান্সে কতটা প্রতিফলিত হয়, সেটিই দেখার অপেক্ষা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ