চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মাখিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত ও বাজারজাত করার অভিযোগে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম এবং খাদ্যদ্রব্য তৈরিতে বিধি লঙ্ঘনের দায়ে আরও চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ফলমন্ডি, স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে সবচেয়ে বেশি আলোচনায় আসে ফলমন্ডির তুহিন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরে তেল মাখিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করার অভিযোগ ওঠে।
এ ছাড়া মোড়কজাতকরণের বিধি অনুসরণ না করার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার তদারকির সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে আরও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের আরেকটি অংশে দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁয় খাবার তৈরিতে নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করার বিষয়টি উঠে আসে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালিত এ অভিযানে ফলমন্ডি, স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকার মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




