চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল রং ব্যবহার করে খাদ্য তৈরি এবং খাবারে তেলাপোকার অবাধ বিচরণের দায়ে মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযানে নকল ডানো ক্রিম বিক্রি, ক্ষতিকর কেমিক্যালযুক্ত কেওড়া জল ও গোলাপজল বিক্রি এবং পণ্যের মোড়কে মেয়াদের তথ্য না থাকার অভিযোগে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
তিন প্রতিষ্ঠানের মোট জরিমানার পরিমাণ ১ লাখ ১৫ হাজার টাকা।
রবিবার (১ নভেম্বর) সকালে আতুরার ডিপো এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্যাহ। তাঁর সঙ্গে ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান।
উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, অভিযানে মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টে খাদ্য তৈরিতে কেমিক্যাল রঙের ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া নকল ডানো ক্রিম বিক্রি এবং খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যালযুক্ত কেওড়া জল ও গোলাপজল বিক্রির অভিযোগে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পণ্যের মোড়কে মেয়াদসংক্রান্ত তথ্য উল্লেখ না করে তা বাজারজাত করার অপরাধে মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদানের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকার মতো অনিয়মের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।




