চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহেদ হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কের রোসাইপাড়ার দক্ষিণের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওস্তা পাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শান্তিরহাটের উদ্দেশে রওনা হয়েছিলেন শাহেদ।
পথের দূরত্ব খুব বেশি পেরোনো হয়নি, এর মধ্যেই রোসাইপাড়ার দক্ষিণের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত শাহেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাত্র ২২ বছর বয়সী শাহেদ ২০২৪ সালে পোমরা জামেউল উলুম ফাজিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা ও মাদরাসার অধ্যক্ষ মারফতুন নুর।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।




