ক্যান্টিনে সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারের চিকিৎসক ডা. জাস্টিন ক্লাম্পের বিরুদ্ধে।
এতে ৩১ বছর বয়সী ক্যান্টিন কর্মচারী কাইয়ুম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ক্যান্টিনে কর্মরত নারী কর্মীদের সামনেই কাইয়ুমের সঙ্গে এমন আচরণ করেন চিকিৎসক জাস্টিন ক্লাম্প। তিনি প্রতিষ্ঠানটিতে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, চিকিৎসক জাস্টিন ক্লাম্প প্রায়ই এপিক হেলথ কেয়ারের ক্যান্টিন থেকে সিঙ্গারা খেতেন। ঘটনার দিন দুপুরে ক্যান্টিনে গিয়ে সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হন তিনি।
একপর্যায়ে কাইয়ুমকে দ্রুত তাঁর কাছে যেতে বলেন। কাইয়ুম সেখানে পৌঁছালে নারী কর্মীদের সামনেই তাঁর অণ্ডকোষ চেপে ধরেন বলে অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।
এ ঘটনার পরপরই অসুস্থ হয়ে পড়েন কাইয়ুম। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
পরে মঙ্গলবার রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে আবারও এপিক হেলথ কেয়ারে আনা হয়।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার ভাষ্য, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন কাইয়ুম। সবার সামনে এমন পরিস্থিতির শিকার হওয়ায় তিনি অপমানিত ও বিব্রত বোধ করছেন।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক ডা. জাস্টিন ক্লাম্প। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এ বিষয়ে কিছু জানার থাকলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
অন্যদিকে, এপিক হেলথ কেয়ারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারী কর্মীদের সামনেই ক্যান্টিন কর্মচারী কাইয়ুমের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। একজন চিকিৎসকের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার সময় তিনি একটি সভায় ব্যস্ত ছিলেন। পরে ভুক্তভোগী কর্মচারী নিজেই তাঁর কাছে এসে বিষয়টি জানান। অভিযুক্ত চিকিৎসক এপিক হেলথ কেয়ারের সরাসরি বেতনভুক্ত কর্মী নন। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা বিবেচনা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে এপিক হেলথ কেয়ারের পরিচালক (অপারেশন) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এমন একটি ঘটনার অভিযোগ নিয়ে একজন ক্যানটিন কর্মচারী তাঁর কাছে এসেছেন।
বিষয়টি জানার পর তাৎক্ষণিক তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’




