আটটি পিস্তল নিয়ে ভিডিও বানিয়ে হুমকি দেওয়া সেই ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সামনে সারি করে রাখা আটটি পিস্তল দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে ২১ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালীর কবিরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হৃদয়কে নিজের সামনে আটটি পিস্তল সাজিয়ে হুমকি দিতে দেখা যায়। এ সময় তিনি বলেন, ‘টাকা দিয়ে মরণের টিকিট কিনেছি’, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী বাদশার কর্মী হিসেবে এলাকায় পরিচিত তিনি।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে সামনে একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র সাজিয়ে অন্য একজনকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে অভিযান চালিয়ে কবিরহাট থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

পুলিশের দাবি, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো নিজের নয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে হৃদয় দাবি করেছেন, ভিডিওতে দেখানো অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। হৃদয় বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিওতে রেকর্ড করতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের চাঁদা দাবি করতেন। অনেককে প্রাণনাশের হুমকিও দিতেন। মূলত চাঁদাবাজির হাতিয়ার হিসেবেই একাধিক অস্ত্রের ছবি ও ভিডিও ব্যবহার করতেন তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁর অপরাধ কর্মকাণ্ড, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এসব কাজে তাঁর সঙ্গে আর কারা জড়িত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এ পর্যন্ত ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টিই রাজনৈতিক বিরোধের জেরে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। অতীতের তুলনায় রাউজানে অপরাধপ্রবণ গোষ্ঠীগুলোর তৎপরতা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে পুলিশ। এ পরিস্থিতিতে উদ্বেগের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ