চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা এবং সন্দেহভাজন স্থাপনা ঘিরে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দুই দিনের এ অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ রাঙ্গুনিয়ার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানের আওতায় আসে বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থল।
এ সময় ছয়জনকে আটক করার পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, পাহাড়ি ও দুর্গম এলাকাকে ব্যবহার করে কেউ যাতে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহারসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যেই গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও তাঁদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।




