চট্টগ্রাম নগরের ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, কিন্তু সেই পথই দখল করে বসেছিল নানা অস্থায়ী দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান। কোথাও স্টিলের চৌকি, কোথাও কাঠের পসরা, আবার কোথাও টং দোকান।
শেষ পর্যন্ত এসব অবৈধ দখল সরাতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
অভিযানে সড়ক ও ফুটপাত থেকে শতাধিক স্টিল ও কাঠের চৌকি উচ্ছেদ করা হয়েছে। জব্দ করা হয়েছে ১২টি টং দোকান। পাশাপাশি ১৩টি মামলায় আদায় করা হয়েছে ৪৬ হাজার টাকা জরিমানা।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড় থেকে জুবিলী রোড, তিন পোলের মাথা হয়ে এনায়েত বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সোয়েব উদ্দিন খান।
চসিক সূত্র জানায়, অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্টিল ও কাঠের চৌকি সরিয়ে দেওয়া হয়।
একই সঙ্গে অবৈধভাবে স্থাপিত ১২টি টং দোকান জব্দ করা হয়। এ সময় আইন অমান্য করে সড়ক ও ফুটপাত দখলের দায়ে ১৩টি মামলায় মোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নগরের ব্যস্ততম এই সড়কে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে চলাচলেও তৈরি হয় বাড়তি চাপ।
ফুটপাত দখলমুক্ত হলে পথচারীরা নির্বিঘ্নে চলাচলের সুযোগ পাবেন-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
চসিক জানিয়েছে, নগরের সড়ক ও ফুটপাত অবৈধ দখল থেকে মুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




