৩৩০ দোকানের স্থায়ী বাজার-সঙ্গে বিনোদনকেন্দ্র

কর্ণফুলী নদীপাড়ের নতুন আকর্ষণ: ৯ কোটি টাকার প্রকল্পে বদলে যাবে ব্রিজঘাট

অনলাইন ডেস্ক

কর্ণফুলী নদীর তীরে একসময়কার ব্যস্ত ব্রিজঘাট বাজার। কোথাও ভ্যানের ওপর কাঁচাবাজার, কোথাও অস্থায়ী দোকান, আবার কোথাও রাস্তার পাশে ঠেলাগাড়িতে পণ্য সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

- Advertisement -

উচ্ছেদ আর পুনরায় দোকান বসানোর মধ্যেই কেটে গেছে বছরের পর বছর। সেই চেনা দৃশ্য বদলে দেওয়ার পরিকল্পনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

- Advertisement -
google news follower

প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে সেখানে গড়ে তোলা হবে ৩৩০টির বেশি দোকান নিয়ে একটি পরিকল্পিত স্থায়ী বাজার।

তবে এবারের পরিকল্পনা শুধু দোকান নির্মাণেই সীমাবদ্ধ নয়। বাজারের ভেতরে থাকবে দৃষ্টিনন্দন বাগান, গাড়ি ও মোটরসাইকেল পার্কিং, ওয়াশব্লক, খোলামেলা চলাচলের জায়গা এবং কর্ণফুলী নদীমুখী ফুডকোর্ট।

- Advertisement -
islamibank

সবকিছু বাস্তবায়িত হলে চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট কেবল কেনাবেচার জায়গা নয়, হয়ে উঠতে পারে স্থানীয় মানুষের অবসর কাটানোরও নতুন ঠিকানা।

নদীর সৌন্দর্য উপভোগ, পরিবার নিয়ে সময় কাটানো কিংবা বিকেলের আড্ডার জন্য তৈরি হতে পারে একটি আকর্ষণীয় জনপরিসর।

এ উদ্যোগে একদিকে দীর্ঘদিনের ব্যবসায়িক অনিশ্চয়তা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে কর্ণফুলীর তীর ঘিরে নতুন বিনোদনকেন্দ্র গড়ে ওঠার সুযোগও দেখা দিয়েছে।

তবে সেই সম্ভাবনা কতটা বাস্তব হবে, তা নির্ভর করছে প্রকল্প বাস্তবায়ন, দোকান বরাদ্দের স্বচ্ছতা এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের ওপর।

ইতোমধ্যে দোকান নির্মাণের স্থাপত্য নকশা ও পরিকল্পনা প্রণয়নের কাজ শেষ হয়েছে। এখন নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সিডিএ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দরপত্রে পরিবর্তন, অর্থায়ন নিয়ে আলোচনা

সিডিএর একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে সিডিএর তালিকাভুক্ত ঠিকাদারদের আপত্তির মুখে শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, প্রকল্পের অর্থায়ন নিয়েও রয়েছে আলোচনা। একটি সূত্রের দাবি, সিডিএর বর্তমান আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের কাছ থেকে দোকান বরাদ্দের সময় জামানত বা অগ্রিম অর্থ সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় মার্কেট নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

তবে এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত কিংবা অর্থায়নের বিস্তারিত কাঠামো এখনো স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দোকান বরাদ্দের জন্য প্রথমে আবেদন ফরম বিক্রি এবং ফরম জমার সময় জামানত বা সিকিউরিটি মানি সংগ্রহের পরিকল্পনা থাকতে পারে।

পরে নীতিমালা অনুযায়ী দোকান বরাদ্দ ও প্রতি বর্গফুট হিসাবে ভাড়া নির্ধারণ করা হবে। তবে জামানতের পরিমাণ, দোকানপ্রতি ভাড়া এবং বরাদ্দের চূড়ান্ত শর্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকটি পাকা বহুতল মার্কেটে প্রতি বর্গফুট দোকানের মাসিক ভাড়া ৪ টাকা ১৩ পয়সা থেকে ৯ টাকা ৬২ পয়সার মধ্যে রয়েছে বলে জানা গেছে।

সে তুলনায় ব্রিজঘাটের প্রস্তাবিত সেমিপাকা মার্কেটে ভাড়া কত নির্ধারণ করা হবে, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে।

বিশেষ করে ক্ষুদ্র ও দীর্ঘদিনের ব্যবসায়ীরা যেন সাধ্যের মধ্যে দোকান নিতে পারেন, সেটিই তাঁদের প্রধান প্রত্যাশা।

সাত ব্লকে সাজবে বাজার, থাকবে বাগান ও নদীমুখী ফুডকোর্ট

সিডিএর প্রণীত স্থাপত্য নকশায় ব্রিজঘাট বাজারকে কে, এল, এ, জে, ডি, বি ও জি-এই সাতটি ব্লকে বিন্যস্ত করা হয়েছে। প্রতিটি ব্লকে দোকানের আকার ও অবস্থান অনুযায়ী আলাদা পরিকল্পনা রাখা হয়েছে।

৮ ফুট বাই ১০ ফুট, ১০ ফুট বাই ১২ ফুট এবং ১২ ফুট বাই ১৫ থেকে ২০ ফুট আয়তনের বিভিন্ন আকারের দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নকশা অনুযায়ী, ব্রিজঘাট মসজিদের পাশে ১০ ফুট আয়তনের সাতটি দোকান নির্মাণ করা হবে। এর পরেই থাকবে উন্মুক্ত বাগান ও বড় গাড়ি পার্কিংয়ের জায়গা। একসময় যেখানে কাঁচাবাজার বসত, সেই জায়গাটিও নতুন পরিকল্পনায় পার্কিংয়ের জন্য রাখা হয়েছে।

নূর মার্কেটের সামনে সারিবদ্ধভাবে আটটি দোকান এবং ইছানগর যাওয়ার মোড়ে একটি বড় দোকানের পরিকল্পনা রয়েছে। এর সামনে থাকবে বাগান ও মোটরসাইকেল পার্কিং। এ অংশটি জে ব্লকের অন্তর্ভুক্ত।

অন্যদিকে, ব্রিজের পাশের অপেক্ষাকৃত নিচু জায়গায় কে ব্লকের আওতায় ১১টি ওয়াশরুম ও টয়লেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

আনোয়ার সিটির সামনে বি ব্লকে সড়কসংলগ্ন আটটি বড় দোকানের পাশাপাশি লম্বা তিনটি সারি ও দুটি ছোট সারিতে আরও ৪৯টি দোকান থাকবে। এরপর রাখা হয়েছে পার্কিংয়ের জন্য খোলা জায়গা।

মাসুম মার্কেটের সামনে ডি ব্লকে ছোট-বড় ১১টি সারিতে মোট ৬৯টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে। বনফুলের পাশের জি ব্লকে থাকবে পাঁচটি দোকান এবং সিডিএ মাঠে প্রবেশের জন্য একটি উন্মুক্ত গেট।

মোড় থেকে বেকারি ও ফলমূলের দোকান পর্যন্ত আরও সাতটি দোকান নির্মাণ করা হবে। এরপর মাঠে প্রবেশের জন্য আরেকটি খোলা গেট রাখা হয়েছে নকশায়।

বর্তমানে যেখানে মাংসের দোকান রয়েছে, সেই সারিতে জি ব্লকের আওতায় লম্বাভাবে ১৬টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এর পর থাকবে বাগান ও পার্কিংয়ের জায়গা এবং আরও দুটি বড় দোকান। যাত্রীছাউনি পর্যন্ত দীর্ঘ সারিতে থাকবে আরও ২৮টি দোকান।

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এল ব্লকে দুই সারিতে একই আকারের ৩৪টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এরপর চরপাথরঘাটা গ্রামের প্রবেশপথের দুই পাশে থাকবে বাগান ও গাছপালা। নদীসংলগ্ন এলাকায় রাখা হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা।

সবচেয়ে আকর্ষণীয় আয়োজনটি হতে পারে মসজিদের পেছনের নদীপাড়ে। সেখানে ছয়টি দোকান নিয়ে গড়ে তোলা হবে ফুডকোর্ট। নদীর সৌন্দর্য উপভোগের সুযোগ থাকবে এর বিশেষ আকর্ষণ হিসেবে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাজারে কেনাকাটার পাশাপাশি নদীর পাড়ে বসে খাবার খাওয়া ও অবসর কাটানোর সুযোগ তৈরি হবে।

সব মিলিয়ে পুরো এলাকায় প্রায় ৩৩০টি দোকান নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে নকশার বিভিন্ন অংশে উল্লেখ করা দোকানের সংখ্যা যোগ করলে ৩৩০ থেকে ৩৪১টির মধ্যে হতে পারে। চূড়ান্তভাবে কতটি দোকান বরাদ্দ দেওয়া হবে, তা কর্তৃপক্ষের নিশ্চিত করার বিষয়।

প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার চান স্থানীয়রা

ব্রিজঘাটে স্থায়ী মার্কেট নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকেরা। তবে তাঁদের দাবি, দোকান বরাদ্দের ক্ষেত্রে প্রকৃত ও দীর্ঘদিনের ব্যবসায়ীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব এম মঈন উদ্দিন বলেন, সিডিএ যদি ব্রিজঘাটের ভাসমান ব্যবসায়ীদের জন্য স্থায়ী মার্কেট নির্মাণ করে, তাহলে এটি কর্ণফুলীবাসীর জন্য সুখবর হবে।

তবে বাজারে যাঁরা প্রকৃত ব্যবসায়ী ও ক্ষুদ্র দোকানদার রয়েছেন, তাঁরা যেন সবাই দোকান বরাদ্দ পান, সে জন্য জামানত ও ভাড়া সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য সিডিএর প্রতি অনুরোধ জানান তিনি।

একই বিষয়ে চরপাথরঘাটার সচেতন নাগরিকরা বলেন, দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো প্রভাবশালী গোষ্ঠী যেন সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। প্রকৃত ব্যবসায়ীরাই যেন দোকান বরাদ্দ পান।

চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু তাহের বলেন, ব্রিজঘাটের সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে মার্কেট নির্মাণের উদ্যোগ আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল।

এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পরিবর্তন ঘটবে এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সমস্যার একটি স্থায়ী সমাধান হবে। তিনি দ্রুত মার্কেট নির্মাণকাজ শুরু করার জন্য সিডিএর প্রতি আহ্বান জানান।

পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদ বলেন, ‘অতীতে একাধিকবার সিডিএর উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে ব্যবসায়ীরা রাস্তার ওপর ঠেলা ও ভ্যানে কাঁচাবাজার বিক্রি করছেন।

বাজারে স্থায়ী সমাধানের জন্য সিডিএর উদ্যোগে সেমিপাকা দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া ভালো উদ্যোগ।

তবে দীর্ঘদিনের প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দিতে হবে। আমার সমিতিতে ১৮৬ জন সদস্য রয়েছেন। সঠিক তালিকা করে স্বল্প ভাড়া ও সালামিতে তাঁদের দোকান বরাদ্দ দিতে হবে। কোনো বহিরাগতকে বরাদ্দ দেওয়া যাবে না।’

ব্রিজঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিন বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা বারবার সিডিএর সঙ্গে যোগাযোগ করছি। আমাদের সমিতিতে প্রায় ১৩০ জন সদস্য রয়েছেন। বাজারের সব সমিতির তালিকা সংগ্রহ করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দিতে হবে।

বছরের পর বছর যাঁরা রোদ-বৃষ্টিতে ভিজে এ বাজার গড়ে তুলেছেন, তাঁদের বাদ দিয়ে বহিরাগতদের দোকান বরাদ্দ দেওয়া অন্যায় হবে। পাশাপাশি মার্কেট নির্মাণের আগে পাশের খালি মাঠে অস্থায়ীভাবে বাজার স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।

প্রকল্পে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ব্রিজঘাট এলাকায় প্রস্তাবিত মার্কেট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ ও দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিশেষ করে, যাঁরা দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দোকান বরাদ্দের ক্ষেত্রে প্রকৃত ও পুরোনো ব্যবসায়ীরা যাতে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখে স্বচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা অনুসরণ করা হবে।

পাশাপাশি কোনো প্রভাবশালী মহল যাতে অনিয়ম বা প্রভাব খাটিয়ে দোকান বরাদ্দ নিতে না পারে, সে বিষয়েও সিডিএ সতর্ক থাকবে।

মানবাধিকার আইনজীবী আনোয়ার হোসেন বলেন, প্রকল্পের দরপত্র ও পরবর্তী কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে দোকান বরাদ্দের প্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা এবং তাঁদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি।

প্রসঙ্গত, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বাস্তবায়িত ব্রিজঘাট থেকে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় চরপাথরঘাটা মৌজার কিছু জমি অধিগ্রহণ করা হয়।

এলএ মামলা নম্বর ১২/৬৭-৬৮ এবং ১৫৪/৬৭-৬৮-এর ভিত্তিতে আরএস ৩৩৫ ও ৩৫৩ দাগের অন্তর্ভুক্ত বিএস ৩ নম্বর খতিয়ানের বিএস দাগ নম্বর ৬৬ ও ৮৪ চউক অধিগ্রহণ করে।

অধিগ্রহণ করা জমিতে সড়ক নির্মাণের পর অবশিষ্ট জমি ভবিষ্যতে সড়ক সম্প্রসারণের জন্য সংরক্ষিত ছিল। সংশ্লিষ্ট ভূমি রেকর্ড ও অধিগ্রহণের তথ্য অনুযায়ী, জমিটি চউকের দখলীয় ও মালিকানাধীন।

প্রকল্পের পরিচালক (পিডি) মো. হাসান বলেন, নানা জটিলতায় বাজারটি কয়েকবার উচ্ছেদ করতে হয়েছে। এখন শিগগিরই মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে দোকান বরাদ্দ দেওয়া হবে।

তবে পুরো প্রক্রিয়ায় স্থানীয় ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর সঙ্গে পরামর্শ করা হবে। তাঁদের স্বার্থ বিবেচনায় রেখেই সিডিএর বিধিবিধান অনুসরণ করে উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।

ব্রিজঘাটের প্রস্তাবিত প্রকল্প ঘিরে তাই প্রত্যাশা কেবল একটি স্থায়ী বাজার পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। স্থানীয় মানুষের স্বপ্ন, একদিন এই নদীপাড় হয়ে উঠবে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার একটি পরিচিত জায়গা। থাকবে পরিকল্পিত দোকান, পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ বাগান, পর্যাপ্ত পার্কিং আর নদীর দিকে মুখ করা খাবারের আয়োজন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ